এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, অনুষ্ঠান শেষে দুপুর থেকে পরীক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফল উদ্বোধন অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে ফল সংক্রান্ত যাবতীয় নথি হস্তান্তর করবেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকতারুজ্জামান জানান, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। নির্ধারিত ওয়েবসাইট ও মুঠোফোনের বার্তা ছাড়াও পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফল সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে ও প্রতিষ্ঠান থেকে ফল পাওয়ার উপায়

পরীক্ষার্থীরা ফল জানতে শিক্ষা বোর্ডগুলোর সাধারণ দুটি সমন্বিত ওয়েবসাইট–eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd–এ প্রবেশ করে নিজেদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ফলাফল ডাউনলোডের জন্য বোর্ডের সংশ্লিষ্ট ‘Result’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) ব্যবহার করতে বলা হয়েছে।

যেভাবে দেখা যাবে মোবাইলের এসএমএসে

যে কোনো মুঠোফোন থেকে এসএমএস পাঠিয়ে দ্রুত ফল জানা যাবে। এসএমএস পাঠানোর নিয়ম হলো:

সাধারণ বোর্ডের জন্য: মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (যেমন: SSC DHA 123456 2026) এবং পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা বোর্ডের (দাখিল) জন্য: লিখতে হবে SSC <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (যেমন: SSC MAD 123456 2026) এবং পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

কারিগরি বোর্ডের জন্য: লিখতে হবে SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (যেমন: SSC TEC 123456 2026) এবং পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে।

প্রতিটি ফিরতি এসএমএসের জন্য চার্জ ১ টাকা ৩৯ পয়সা প্রযোজ্য হবে (সব ধরনের কর অন্তর্ভুক্ত)।

পরীক্ষার্থীর পরিসংখ্যান ও পুনর্নিরীক্ষণের আবেদন

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।

এদিকে প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট হলে তিনি ফল পুনর্নিরীক্ষণের (খাতা পুনর্মূল্যায়ন) জন্য আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম ১১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। কেবল অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত নির্দেশনানুসারে পুনর্নিরীক্ষণের এই আবেদন জমা দেয়া যাবে।

Read Previous

রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

Read Next

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Most Popular