গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সকালে কাশিয়ানী থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ এবং বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা হাটার সময় রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করবে।
