একটি সুস্থ পরিবেশ ও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার লক্ষ্যে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ৪০ বা ৩০ বছর আগের তুলনায় বর্তমানে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জের রাস্তাঘাট ও হাটে-বাজারে প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেটসহ নানা বর্জ্য ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ পথচারী ও যাত্রীদের ভোগান্তি বাড়ে।
দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগে যেখানে পুকুরপাড়ে মানুষ পরিবার নিয়ে গল্প করত, এখন সেখানে ময়লার স্তূপ দেখা যায়। আমরা নিজেদের ঘরবাড়ি যেভাবে পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই আমাদের আঙিনা ও দেশকে পরিষ্কার রাখতে হবে।
সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশটা আমাদের সবার। আমরা যদি সবাই সচেতন হয়ে বর্জ্য সঠিক উপায়ে ফেলি, তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ রেখে যেতে পারব।”
