হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া চারটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী মাদরাসায় পৌঁছালে হেফাজতে ইসলামের আমির এবং তাঁর ছেলে ও সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাতের শুরুতেই প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরেন। এরপর তিনি প্রবীণ এই আলেম ও ধর্মীয় নেতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বৈঠকে দেশের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, তবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগ-অনুভূতিকে সম্মান জানিয়ে ইসলামকে তার নিজস্ব মহিমায় এগিয়ে নেওয়া হবে।

বিগত রাজনৈতিক পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা অতীতে দেশকে ভিন্ন আদর্শ ও নেতিবাচক অভিমুখে নিয়ে যেতে চেয়েছিল, তারা গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে নানা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। দেশের এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সরকারপ্রধান হিসেবে নিজের দায়িত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনার এই গুরুদায়িত্ব যেন পূর্ণ সততা ও ঈমানের সঙ্গে পালন করতে পারেন, সে জন্য তিনি হেফাজত আমিরের দোয়া ও পরামর্শ কামনা করেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান প্রমূখ।

Read Previous

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

Read Next

হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮৭৩

Most Popular