একাদশে ভর্তি ১৫ সেপ্টেম্বরের মধ্যে, ক্লাস শুরুর তারিখ ঘোষণা শিগগির

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এবার একাদশে ভর্তির পালা। অনলাইন আবেদনের ভিত্তিতে এবার একাদশে ভর্তি করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই এ ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘একাদশ শ্রেণিতে ভর্তি ১৫ সেপ্টেম্বর শেষ করা হবে। ভর্তি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাস শুরু হবে। এখনো ক্লাস শুরুর নোটিশ দেওয়া হয়নি। শিগগির ক্লাস শুরুর নোটিশও আমরা দিয়ে দেব।’

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সকালে প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ১১টি বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাস করাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ও ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন।

ছাত্রীদের গড় পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। ফেল করা শিক্ষার্থীদের বেশির ভাগই গণিত ও ইংরেজি বিষয়ে খারাপ করেছে। বিশেষ করে মানবিক বিভাগের পরীক্ষার্থীরা প্রতি ১০০ জনে ৫১ জনই এবার ফেল করেছে।

এদিকে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। তাদের মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিসহ প্রায় সব ক্ষেত্রে এগিয়ে ছাত্রীরা।

১১টি বোর্ডের ফলাফলে সবার ওপরে ঢাকা শিক্ষা বোর্ড এবং তলানিতে মাদরাসা শিক্ষা বোর্ড। তবে শুধু সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের হিসাব কষলে ফলাফলে সবার নিচে ময়মনসিংহ শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

Read Previous

হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ ‘ভিত্তিহীন’: সিএমএসডি কর্তৃপক্ষ

Read Next

কাজী ফার্মসের কর্মকর্তা সেজে প্রতারণা, আটক ২

Most Popular