কোনো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যায় আওয়ামী লীগের বিচার হলেও কোনো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলমান। তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত শেষে অভিযোগ দায়েরের পর বিচার শুরু হবে। কিন্তু কোনো নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না, এটি বিএনপির নীতিগত সিদ্ধান্ত।’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা তাকে ফিরিয়ে আনতে চাই। আমরাও চাই বিচারকের মুখোমুখি হোক। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদি আপিল করার সুযোগ থাকে তবে আপিল হবে। প্রত্যাবর্তনের যে ঘোষণা দিচ্ছে, সেটা কীভাবে দিচ্ছে জানি না। তবে আমরা আইনগতভাবে তাকে ফেরত চাই।’

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ওইদিন পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষা দিতে না পারলে, সেটা পুনরায় নেয়া হবে। ভুল প্রশ্নের জন্য তদন্ত হবে। দায়ীদের প্রতি ব্যবস্থা নেয়া হবে। এমন সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব বিষয়ে এত গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। যারা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন তারা সংখ্যায় খুব বেশি নয়। সরকার এসব বিষয়ে মনোযোগ দিচ্ছে না।’

শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এমন একটি গোষ্ঠী রয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।

Read Previous

মসজিদ-হাসপাতাল নির্মাণ করছেন ববিতা, সঙ্গী দুই বোন

Read Next

আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়-প্রধানমন্ত্রী

Most Popular