জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রাজা সেন আর নেই

চলে গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত টালিউড নির্মাতা রাজা সেন। রোববার (১৬ আগস্ট) সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।

দীর্ঘদিন ধরেই শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই নির্মাতা। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন টালিগঞ্জের সংসদ সদস্য পাপিয়া অধিকারী।

রাজা সেনের অসুস্থতার পেছনে ছিল দীর্ঘদিনের শারীরিক জটিলতা। কয়েক বছর আগে ‘মায়া মৃদঙ্গ’ সিনেমার শুটিং চলাকালে পড়ে গিয়ে কোমরে গুরুতর চোট পান তিনি। এরপর থেকেই স্বাভাবিকভাবে হাঁটাচলায় সমস্যা হচ্ছিল তার। সময়ের সঙ্গে সেই সমস্যা আরও বাড়তে থাকে।

চলতি বছরের শুরুতে রাজা সেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শরীরের নিম্নাংশ অবশ হতে শুরু করলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জটিল স্নায়বিক সমস্যার কথা জানতে পারেন। গত ফেব্রুয়ারিতে কোমর ও মেরুদণ্ডের সংযোগস্থলে অস্ত্রোপচার করা হয় তার। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও পরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

আগস্টের মাঝামাঝি সময়ে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা চলচ্চিত্রের এই গুণী নির্মাতা।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তথ্যচিত্র নির্মাণেও রাজা সেনের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার পরিচালনায় ‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘ল্যাবরেটরি’, ‘মায়া মৃদঙ্গ’সহ বেশ কয়েকটি সিনেমা দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

রাজা সেনের ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য সিনেমা ‘দামু’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সেরা শিশুচলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। সুচিত্রা মিত্রকে নিয়ে নির্মিত তার একটি তথ্যচিত্রও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিল। পরে ‘আত্মীয় স্বজন’ সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। সব মিলিয়ে তার অর্জনের তালিকায় ছিল তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বড়পর্দার পাশাপাশি বাংলা টেলিভিশনেও রাজা সেনের অবদান উল্লেখযোগ্য। তার পরিচালনায় ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’, ‘তারাশঙ্করের ছোট গল্প’র মতো ধারাবাহিক দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।

রাজা সেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টালিউডসহ ভারতের বাংলা বিনোদন অঙ্গনে। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

Read Previous

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Read Next

কাঠমান্ডুতে বিমানের উড়োজাহাজে কারিগরি ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

Most Popular