মুন্সীগঞ্জে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

মুন্সীগঞ্জে ভাসমান একটি ফিলিং স্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা সোয়া ১১টার দিকে নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর ওপর ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস (বিশেষ সুরক্ষা সরঞ্জাম) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনটি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Read Previous

ব্যাটারিচালিত রিকশা তুলে দেয়ার বিষয়ে যে বার্তা দিলেন ডিএমপি কমিশনার

Read Next

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

Most Popular