‘সালমান শাহ ৩০ বছর ধরে কবরে, খুনিরা কেন বাইরে?’, ভক্তদের ক্ষোভ

অমর নায়ক সালমান শাহ হত্যা মামলা নতুন করে আলোচনায় এসেছে। প্রায় ৩০ বছর আগে ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনায় করা মামলায় এবারই প্রথম একজন আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন সালমান শাহর বন্ধু অভিনেতা ডন।

এদিকে সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রয়াত এই নায়কের ভক্তরা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে সালমান শাহর ভক্তরা অংশ নেন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন।

মানববন্ধনে অংশ নেওয়া সালমান শাহর ভক্তদের দাবি, মামলার প্রধান আসামি হিসেবে উল্লেখ করা সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসি এবং পলাতক অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে।

একই সঙ্গে গ্রেফতার হওয়া অভিনেতা ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনেরও দাবি জানান তারা।

মানববন্ধনে ভক্তরা রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখেন, ‘আমাদের প্রিয় নায়ক ৩০ বছর ধরে কবরে, তার খুনিরা কেন বাইরে?’

ভক্তদের বক্তব্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর ঘটনায় তারা এখনো চূড়ান্ত সত্য ও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাই মামলাটির তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক। অল্প সময়ের অভিনয়জীবনেই তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মৃত্যুর প্রায় তিন দশক পরও ভক্তদের মধ্যে তাকে ঘিরে আগ্রহ ও আবেগ একইভাবে রয়েছে।

Read Previous

জুলাই ও আগস্টের গ্যাস-বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধ করতে চায় বিকেএমইএ

Read Next

ডেঙ্গুতে আরও ২ প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ৭৩০

Most Popular