বাড়ল স্বর্ণের দাম
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করে জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৮৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।
নতুন দাম বুধবার (১২ নভেম্বর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট: ২,০৮,৪৭১ টাকা
২১ ক্যারেট: ১,৯৯,০০০ টাকা
১৮ ক্যারেট: ১,৭০,৫৬৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪১,৮৫৮ টাকা
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরি পরিবর্তিত হতে পারে।
এর আগে, ১০ নভেম্বর বাজুস ২২ ক্যারেটের ভরিতে ২ হাজার ৫০৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা, যা ১১ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল।
চলতি বছর এখন পর্যন্ত ৭৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২ বার, কমেছে ২৩ বার।
তবে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির রুপা ২,৬০১ টাকা।
চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে; বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার।
