বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। এরই মধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তার ফ্লাইট ছাড়বে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ দিনেই তিনি খালেদা জিয়াকে নিয়ে আবার লন্ডন ফেরত যাবেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিমানবন্দরে ডা. জোবাইদা রহমানকে বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মেয়ে জাইমা রহমান।

শায়রুল কবির খান বলেন, ‘শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি এসে পৌঁছবেন বলে আশা করছি। এরপর জুবাইদা রহমান হাসপাতালে যাবেন। সেখান থেকে বেগম খালেদা জিয়াসহ অন্যান্য যাত্রীরা বিমানবন্দর যাবেন। সেখান থেকে লন্ডনের উদ্দেশে যাবেন।’

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

ঢাকার কাছে একই স্থানে বারবার ভূমিকম্পের কারণ জানা গেছে

Read Next

খেলাপি ঋণ আদায়ে আইন পরিবর্তন হচ্ছে : গভর্নর

Most Popular