বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৮ ডিসেম্বর) পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত উপসচিব মো. মাহবুবুর রহমান।
বদলি হওয়া ২২ কর্মকর্তার মধ্যে রয়েছেন-দুইজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), তিনজন অতিরিক্ত ডিআইজি, পাঁচজন পুলিশ সুপার (এসপি) এবং ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে এবং জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশ প্রশাসনের কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনে নতুন সমন্বয় তৈরি হলো। খুব শিগগিরই বদলি হওয়া কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
