
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার (১২ ডিসেম্বর) শক্তিশালী ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে উচ্চতা এক মিটার (৩৯ ইঞ্চি) পর্যন্ত ঢেউ সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।
রয়টার্স জানিয়েছে, আওমোরি প্রিফেকচারের উপকূলে স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ২০ কিলোমিটার।
গত সোমবার একই অঞ্চলে ৭.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এলাকাটি ঝুঁকির মধ্যে ছিল। সে কারণে জাপান সরকার হোক্কাইদো থেকে টোকিওর পূর্বের চিবা পর্যন্ত বিস্তৃত এলাকার বাসিন্দাদের আগেই সতর্ক করে জানিয়েছিল যে পরবর্তী এক সপ্তাহের মধ্যেই আবারও বড় ধরনের কম্পন হতে পারে।
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি না একটি কম্পন অনুভূত হয়। ফলে জনসাধারণকে সতর্ক থাকতে এবং সুনামি সতর্কতা জারি থাকা পর্যন্ত উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
