রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি একটি প্রাকৃতিক ভেষজও। প্রাচীনকাল থেকেই নানা রোগ প্রতিরোধ ও সুস্থতায় রসুন ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে রসুন পানির জনপ্রিয়তা বাড়ছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত মাত্রায় রসুন পানি পান করলে শরীরের জন্য নানা উপকার মিলতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
রসুনে থাকা অ্যালিসিন নামের শক্তিশালী অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ফলে সাধারণ সর্দি-কাশি ও সংক্রমণের ঝুঁকি কমতে পারে।
হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী
রসুন পানি নিয়মিত পান করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে ভূমিকা রাখে। এতে হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমার সম্ভাবনা থাকে।
রক্ত সঞ্চালন উন্নত করে
রসুন রক্ত পাতলা করতে সহায়তা করে বলে ধারণা করা হয়। এতে শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে।
হজম শক্তি বৃদ্ধি করে
সকালে খালি পেটে রসুন পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয়। এটি পেটের গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক হতে পারে।
শরীরের বিষাক্ত উপাদান দূর করে
রসুন পানিকে অনেকেই প্রাকৃতিক ডিটক্স পানীয় হিসেবে বিবেচনা করেন। এটি লিভারকে সক্রিয় রাখতে সাহায্য করে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে ভূমিকা রাখতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
রসুন পানির উপাদান শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে, যা অতিরিক্ত ওজন কমাতে সহায়ক হতে পারে। নিয়মিত ব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে এটি ভালো ফল দিতে পারে।
ত্বক ও চুলের যত্নে ভূমিকা
রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি চুলের গোড়া মজবুত করতেও রসুন পানি উপকারী হতে পারে।
কীভাবে তৈরি করবেন রসুন পানি
এক গ্লাস কুসুম গরম পানিতে ১-২ কোয়া থেঁতলানো রসুন ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে পান করা যায়। স্বাদ বাড়াতে অল্প লেবুর রস যোগ করা যেতে পারে।
সতর্কতা
চিকিৎসকদের মতে, অতিরিক্ত রসুন পানি পান করলে পেটের সমস্যা, বুকজ্বালা বা রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে। যারা রক্ত পাতলা করার ওষুধ খান, গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রয়েছে-তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে রসুন পানি পান করা উচিত।
