সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আব্দুল আহাদ বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি, হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করুক। আপনারা সবাই, এ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। তার পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারেন, এজন্য সবাই দোয়া করবো।’
তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদি ভাইয়ের মরদেহ আগামীকাল বাংলাদেশে আনা হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩:৫০ মিনিটে ছাড়বে। ঢাকায় নামবে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬:০৫ মিনিটে।’
