আইসিসি থেকে সুখবর পেলো টাইগ্রেসরা

 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে পারফরম্যান্স নৈপুণ্য দেখিয়ে আইসিসি থেকে সুখবর পেলেন শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, সোবানা মোস্তারি ও স্বর্ণা আক্তাররা। র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তারা। তবে পিছিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নারী র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন টাইগ্রেসরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপ্তার ফিফটির কল্যাণে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে ৫ চার ও এক ছক্কায় ৪৫ বলে খেলেছিলেন ৫২ রানের ইনিংস। এমন পারফরম্যান্সে বড় লাফ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে আছেন সুপ্তা।

এদিকে নামিবিয়ার বিপক্ষে ২৫ ও আয়ারল্যান্ডের সঙ্গে ৩৫ রান করে ৩৩ ধাপ এগিয়েছেন দিলারা। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৭০ নম্বরে আছেন তিনি। আইরিশদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মোস্তারি। তিন ছক্কা ও এক চারে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ১১ ধাপ এগিয়েছেন তিনি। ৪৪৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫২ নম্বরে আছেন মোস্তারি। ছন্দে থাকা স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন।

তবে র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে জ্যোতির। ছন্দ হারানো এ উইকেটরক্ষক ব্যাটার চার ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন।

অন্যদিকে বোলারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রাবেয়া খান। বাংলাদেশিদের মধ্যে সবার উপরে থাকা এ স্পিনার ১৪ নম্বরে অবস্থান করছেন। ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে ফাহিমা খাতুন আর ৬ ধাপ এগিয়ে সানজিদা আক্তার মেঘলা ৫৪ নম্বরে উঠে এসেছেন। তবে ৬ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন নাহিদা আক্তার।

Read Previous

৭১ কোটি টাকায় ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

Read Next

রেকর্ড গড়ল স্বর্ণের বাজার, ভরিতে দাম বাড়ল ৭৩৪৮ টাকা

Most Popular