গলাচিপায় নুর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

 

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বকুলবাড়িয়া আগমন উপলক্ষে তার কর্মীরা নির্বাচনী প্রচারণা ও মিছিল বের করলে তাতে বাধা দেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতাকর্মীদের অভিযোগ, সংঘর্ষ চলাকালীন নুরুল হক নুরের সমর্থকরা তাদের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। অন্যদিকে, নুরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাদের শান্তিপূর্ণ প্রচারণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা সৃষ্টি করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পুলিশি টহল জোরদার করা হয়েছে। নুরের নিরাপত্তা নিশ্চিত করতে তার সাথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ১২ জুন বকুলবাড়িয়া ইউনিয়নের ঠিক একই স্থানে নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রেখেছিল স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ফলে এই এলাকায় নির্বাচনী উত্তেজনা দীর্ঘদিনের।

Read Previous

ইসি ও গণমাধ্যম পক্ষপাতিত্ব করছে: নাহিদ

Read Next

বিশ্বের প্রথম ‘স্বর্ণের সড়ক’ তৈরি হচ্ছে দুবাইয়ে!

Most Popular