বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শিক্ষা নগরী রাজশাহীতে আইটি পার্ক থাকলেও বর্তমানে সেখানে কাজের পর্যাপ্ত সুযোগ নেই। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এই আইটি পার্ক সচল করে শিক্ষিত ও দক্ষ বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘রাজশাহী নাম শুনলেই শিক্ষা নগরীর কথা মনে আসে। এখানে উচ্চশিক্ষিত মানুষ ও আইটি পার্ক আছে, কিন্তু কোনো কাজ নেই। আমরা এই আইটি পার্ককে সচল করার মাধ্যমে আইটি খাতে পারদর্শী তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘ভোকেশনাল ইনস্টিটিউট তৈরির মাধ্যমে আমরা তরুণ ও নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চাই। যাতে প্রশিক্ষণ নিয়ে তারা দেশে নিজেদের ব্যবসা করতে পারেন অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।’
জনসভায় তিনি কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার ঐতিহাসিক ঘোষণা দেন। এছাড়া আম সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমরা ধর্ম দেখব না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি।’
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে এটিই ছিল তারেক রহমানের প্রথম জনসভা। তার আগমনকে ঘিরে মাদ্রাসা মাঠ জনসমুদ্রে রূপ নেয়। জনসভা মঞ্চ থেকে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
কর্মসূচি অনুযায়ী, রাজশাহী শেষে তিনি নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে এটিএম মাঠে বক্তব্য রাখার পর রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।
