অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ১ লাখ সেনাবাহিনী, দেড়লাখ পুলিশ, ৫ হাজার নেভি, ৩৭ হাজার বিজিবি ১০ হাজার র‍্যাব, প্রায় ৫ হাজার কোস্টগার্ড ও প্রায় ৬ লাখ আনসার মোতায়েন করা হয়েছে।

সোমবার বরিশালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড এবং নেভির সংখ্যা আগের থেকে বাড়ানো হয়েছে। এবার নির্বাচনে বিএনসিসিও নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি এবার বডি ক্যামেরা রাখা হয়েছে। সিসি ক্যামেরা এবং ড্রোন ব্যবহার করা হবে। অপরাধ করে কেউ পাড় পাবে না।

এছাড়া সুরক্ষা অ্যাপের সহায়তায় এর আগে পূজা শান্তিপূর্ণ হয়েছে, ইলেকশনও শান্তিপূর্ণ হবে বলে দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read Previous

‘হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবে

Read Next

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি গ্রেফতার

Most Popular