এএফডব্লিউসি উইংয়ের ক্যাম্পাস উদ্বোধন

আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) উইংয়ের নবনির্মিত ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। গতকাল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন বাহিনী প্রধানরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ক্যান্টনমেন্টে নতুন ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার পাশাপাশি উইংটি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে তার একাডেমিক ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, কোয়াটার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ ছাড়া ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ন্যাশনাল ডিফেন্স কলেজের অনুষদ সদস্য এবং স্টাফ অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, নতুন ক্যাম্পাসে আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের উদ্বোধন কৌশলগত পর্যায়ের শিক্ষা ও প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ ক্যাম্পাসটি গবেষণা, পেশাগত আলোচনা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যৌথ অপারেশনাল উপলব্ধি উন্নয়নে সহায়ক একটি উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।

 

Read Previous

আজ বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, আসল-নকল চেনার উপায়

Read Next

আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

Most Popular