স্বাধীনতা ও কথা বলার অধিকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র শুরু করেছে জনগণ তাদের গুপ্ত নাম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জনগণের স্বাধীনতা, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে নির্বাচনী জনসভায় গুপ্ত একটি গোষ্ঠীর বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের স্বাধীনতা, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেয়া হয়েছে গুপ্ত। জনগণ তাদের গুপ্ত নামেই চেনে। এরা রূপের পরিবর্তন করে।
দেশে শ্রমজীবী মা-বোনদের গুপ্ত গোষ্ঠী অপমান করেছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, গুপ্তের দলের প্রধান দেশের খেটে খাওয়া মা-বোনদের নিয়ে অপমানজনক কথা বলেছে। খেটে খাওয়া মা-বোনদের নিয়ে যারা অপমানজনক কথা বলে, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ১৯৭১ সালেও তাদের হাতে দেশের মা-বোনদের সম্ভ্রমহানি হয়েছিল। ন্যূনতম কোনো সম্মান মা-বোনদের যারা দেয় না, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তাদের আরেক নেতা বলেছে ১২ তারিখ পর্যন্ত তাদের নেতারা জনগণের পা ধরে রাখবে, আর ১৩ তারিখ থেকে জনগণ তাদের পা ধরে রাখবে।
ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নানা মাধ্যমে সংবাদ পাওয়া যাচ্ছে মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর নিচ্ছে তারা। যেখানে নিজেরাই অনৈতিক কাজ দিয়ে শুরু করছেন, সেখানে জনগণ কীভাবে আশ্বস্ত হবে আপনারা সৎলোকের শাসন প্রতিষ্ঠা করবেন।
ফরিদপুরবাসীদের প্রতি তিনি বলেন, ধানের শীষে রায় পেলে আপনারা যে দাবি জানিয়েছেন সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করতে পারবে বিএনপি। বিএনপি আগামী ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে যদি বিভাগ করলে স্থানীয় জনগণের উপকার হয় তাহলে ফরিদপুরকে বিভাগ করা হবে।
