পর্দা উঠছে ‘অদম্য বাংলাদেশ’ কাপের

শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ এবারের আসরে খেলছে না। এই সময়ে দেশের ক্রিকেট উপভোগ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। টুর্নামেন্টে দেশের ৩৯ জন সেরা ক্রিকেটারকে নিয়ে তিনটি দল গঠন করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচ আজ সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে লিটন দাসের ধূমকেতু একাদশ মুখোমুখি হবে আকবর আলির দুরন্ত একাদশ এর সঙ্গে। ম্যাচের আগের দিন দুই দলই অনুশীলনের মাধ্যমে শেষ প্রস্তুতি নিয়েছে। পরে দল দুটির প্রধান কোচ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

ধূমকেতুর কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘মাঠে নামলেই সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এখানে দেশের টপ ৪৫ ক্রিকেটার খেলছে। অভিজ্ঞদের সঙ্গে তরুণরাও আছে। প্রতিটি ম্যাচই বড় সুযোগ। যারা সিরিয়াসভাবে খেলবে, তারা সুযোগের সদ্ব্যবহার করবে, আর যারা নয়, তারা ব্যর্থ হতে পারে। আশা করি সবাই সেরাটা দিবে।’

অন্যদিকে, দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার জানান, ‘এটি একটি ভালো প্রতিযোগিতা। তিনটি দলের মধ্যে ধাপে ধাপে দল তৈরি করা হয়েছে, তাই চ্যালেঞ্জ ভিন্ন হবে। আমাদের দলটি তরুণদের নিয়ে গঠিত, যারা পারফর্ম করার জন্য ক্ষুধার্ত। এটি কোচ ও ম্যানেজমেন্টের জন্যও ইতিবাচক চ্যালেঞ্জ। আমরা সবাই এটি ইতিবাচকভাবে দেখছি।’

প্রতিটি ম্যাচের আগে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নতুন ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ নিয়ম খেলায় উত্তেজনা যোগ করবে। এই টুর্নামেন্টের মোট বাজেট প্রাইজমানি ও অন্যান্য খরচসহ ২ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে।

ধূমকেতু স্কোয়াডঃ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম

দুরন্ত স্কোয়াডঃ জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।

Read Previous

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, জানালেন আইন উপদেষ্টা

Read Next

পেছানো হচ্ছে না তারিখ, ২০ ফেব্রুয়ারি শুরু বইমেলা

Most Popular