পাকিস্তান দলে ‘ম্যাচ চেঞ্জার’ কে–প্রশ্ন সাবেকের

 

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোতে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের অল্পের জন্য হার থেকে বেঁচে গিয়েছিল পাকিস্তান। আগে ব্যাট করা নেদারল্যান্ডসের দেয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান।

সাহিবজাদা ফারহানের ৩১ বলে ৪৭ রানের ইনিংস সত্বেও শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান, হাতে ছিল মাত্র তিনটি উইকেট। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ব্যাটে জয় পায় মেন ইন গ্রিনরা।
পাকিস্তান দলে ম্যাচ উইনারের অভাব দেখছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।

তবে ১৯তম ওভারে ভাগ্য সহায় না হলে হয়ত হারতেই হতো পাকিস্তানকে। ম্যাক্স ও’ডাউড ফাহিম আশরাফের একটি সহজ ক্যাচ ফেলেন। জীবন পেয়েই আগ্রাসী হয়ে ওঠেন ফাহিম। ওই ওভারেই তিনি ২৪ রান তুলে নেন এবং তিন বল হাতে রেখেই পাকিস্তানকে জয় এনে দেন।

লজ্জাজনক হার থেকে কোনোমতে বেঁচে যাওয়ার পর পাকিস্তানের ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।

গেম প্ল্যান অনুষ্ঠানে পাকিস্তানের এই সাবেক বলেন, ‘পাকিস্তান বেঁচে গেছে ভাই! (পাকিস্তান বাঁচ গ্যায়া ভাই!) যখন শাহিন শাহ আফ্রিদিকে ব্যাট করতে ডাকা হয়, তখনই বোঝা যায় সেই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং কতটা খারাপ ছিল। মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিং খুবই বাজে ছিল-বিশেষ করে বাবর আজম, নওয়াজ ও শাদাব খান। এরা সবাই অভিজ্ঞ ক্রিকেটার। শুধু বিশ্বজুড়ে বিভিন্ন লিগেই নয়, পাকিস্তান সুপার লিগেও তারা খেলেছে। কিন্তু আজ তারা পাকিস্তানের জন্য হিরো হতে পারেনি, বরং জিরো হয়েছে।’

বাসিত পাকিস্তান দলে গেম চেঞ্জারের অভাব দেখছেন। তিনি বলেন, ‘পাকিস্তান দলে ম্যাচ চেঞ্জার কে? একটা দেশের সমর্থকদের কী বলবেন, যারা খুশি হয় যখন উইকেট পড়ে-শুধু এই ভেবে যে এখন বাবর আজম ব্যাট করতে আসবে। কিন্তু বাবর এসে আবার চলে যায়। আজ পাকিস্তানের তারকা ছিল ফাহিম আশরাফ, যে নাম্বার এইটে ব্যাট করতে নেমেছিল। বাকি ব্যাটসম্যানরা কি চানা–ফালি বিক্রি করছিল?’

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি), কলম্বোতেই, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

Read Previous

ঘুম ভাঙলেই মাথাব্যথা? জানুন প্রতিকারের ৩ উপায়

Read Next

৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা

Most Popular