গোপালগঞ্জ শহরের একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রের মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে গোপালগঞ্জ-২ আসনে জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্র লক্ষ্য করে ককটেল হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ককটেলটি কেন্দ্রের মূল ফটকে আঘাত হেনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে ককটেল হামলা ঘটনার পরেও স্বাভাবিক ভোট গ্রহণ অব্যাহত রয়েছে।
ককটেল বিস্ফোরণে আহতরা হলেন: ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সাথে আসা আমেনা খানম নামের এক শিশু।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোটকেন্দ্রে দায়িত্বরত সাব ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম।
তিনি বলেন, সকাল নয়টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছিল। এসময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্রের বাইরে খালের ওপার থেকে ভোটকেন্দ্র লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
