৫০ হাজার ভোটে হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

 

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ৫০ হাজার ৪৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আমীর এজাজ খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি হিসাবে এই ফলাফল পাওয়া যায়।

ধানের শীষ প্রতীক নিয়ে আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯২ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯ হাজার ৬৫৮ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ভোটাররা নিজেদের মতামত দিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হওয়ার পর শুরু হয় গণনা।

প্রসঙ্গত, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ ও নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।

আবার নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ছিলেন ২০ জন। বিপরীতে এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ছিল ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

Read Previous

ঢাকা-১৬: বিএনপির আমিনুল হককে হারিয়ে জিতলেন জামায়াতের বাতেন

Read Next

রাজশাহীর ৪ আসনে বিএনপি বিজয়ী, দুইটিতে জামায়াত

Most Popular