সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতের পর এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বেইলি রোডের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যাবেন।

এর আগে, রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। এ সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের আমির। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান।

ত্রয়োদম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে।

Read Previous

‘নমুনা নোট’ নিয়ে কন্টেন্ট বানানো ইস্যুতে সতর্কবার্তা

Read Next

ত্রয়োদশ সংসদের এমপিদের দায়-ঋণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা : টিআইবি

Most Popular