প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

প্রশ্নফাঁস ও বেসরকারি শিক্ষকদের কম বেতন এবং সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে নতুন বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ‘প্রশ্নফাঁস ও নকল আর ফিরে আসবে না। অতীতে এটি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গণে শৃঙ্খলা বজায় রাখা হবে। এ ছাড়া বেসরকারি শিক্ষকদের বেতনের বিষয়ে সরকার অবগত আছে। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেবো না। তবে, আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।’

আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী, ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাকডেটেড শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

Read Previous

আরও টুর্নামেন্ট খেলার সুযোগ চায় স্কটল্যান্ড

Read Next

দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু বৃহস্পতিবার

Most Popular