বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা কে, এই বিতর্ক সাধারণত ঘুরপাক খায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরেই। তবে ফুলহ্যাম ও মেক্সিকো জাতীয় দলের স্ট্রাইকার রাউল জিমেনেজ মনে করেন, অন্তত একটি নির্দিষ্ট জায়গায় তিনি এই দুই মহাতারকাসহ হ্যারি কেইনের চেয়েও এগিয়ে।
ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পেনাল্টি দক্ষতার বিচারে কেইন, মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করা হলে বিন্দুমাত্র দ্বিধা করেননি জিমেনেজ। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আপনার পছন্দ হোক বা না হোক, যাদের নাম বললেন, সবার চেয়ে আমার সাফল্যের হার বেশি। আমি বিশ্বের সেরা কিনা জানি না, তবে এটা আমার একটি বৈশিষ্ট্য। আমি নিজেকেই বেছে নেব।’
পরিসংখ্যানও জিমেনেজের আত্মবিশ্বাসের পক্ষে কথা বলছে। মেসির ক্যারিয়ারে পেনাল্টি সফলতার হার প্রায় ৭৭.৮ শতাংশ (১৪৪টির মধ্যে ১১২টি)। রোনালদোর গড় ৮৩.৫ শতাংশ (২১৮টির মধ্যে ১৮২টি)।
অন্যদিকে জিমেনেজের সাফল্যের হার প্রায় ৯৬ শতাংশ, ৪৬ প্রচেষ্টার মধ্যে মাত্র দুটি মিস। ২০১৮ সালে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে এবং ২০২০ সালে সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনালে তিনি পেনাল্টি মিস করেন। এরপর থেকে স্পট-কিকে প্রায় নির্ভুল তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগেও জিমেনেজের রেকর্ড ঈর্ষণীয়। শীর্ষ লিগে তিনি ১৩টি পেনাল্টি নিয়েছেন এবং সবকটিতেই সফল, ১০০ শতাংশ রেকর্ড। এর আগে ইয়াইয়া টউরে ১১টির ১১টিতে সফল হয়ে নিখুঁত রেকর্ড গড়েছিলেন। জিমেনেজ সেই মান ছুঁয়ে ছাড়িয়ে গেছেন এবং এখনও অক্ষত রেখেছেন নিজের ধারাবাহিকতা।
ক্র্যাভেন কটেজে জিমেনেজ এখন যেন নিশ্চিত গোলের প্রতিশব্দ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৯, যা দলকে লিগের উপরের সারিতে ওঠার লড়াইয়ে সহায়তা করছে। মাঠে তিনি থাকলে পেনাল্টি পাওয়া মানেই প্রায় গোল, এমন বিশ্বাস জন্মেছে সমর্থকদের মনে।
মেসি-রোনালদোর মতো বহু ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে নিজের তুলনা টানলে ভ্রু কুঁচকানো স্বাভাবিক। তবু আত্মবিশ্বাসে অটল জিমেনেজ। বুধবার ক্র্যাভেন কটেজে অবনমন-সঙ্কটে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যাচে আবারও তার স্পট-কিক জাদু দেখার অপেক্ষায় ফুলহ্যাম সমর্থকরা।
