টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে অভিষেক শর্মার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ৬ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৮০। এর মধ্যে তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সে সেমিফাইনাল ম্যাচে তাকে বেঞ্চে বসিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তার মতে, সাঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ ওপেনিং করুক।
বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেই ডাক মেরেছেন অভিষেক শর্মা। মাঝে একটি ম্যাচ তিনি খেলতে পারেননি। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও রান পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বটে, তবে পরের ম্যাচেই ফের ফ্লপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ম্যাচে মাত্র ১০ রান করে ফেরেন সাজঘরে।
এমতাবস্থায় অভিষেক শর্মাকে একাদশের বাইরে রাখার পক্ষে শাস্ত্রী। ঈশান কিষাণকে ওপেনিংয়ে পাঠিয়ে নিচের দিকে রিঙ্কু সিংকে খেলানো উচিত বলে মনে করেন তিনি।
‘যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে মানসিকভাবে অভিষেক ভালো জায়গায় নেই বা ও মানসিকভাবে ধাক্কা খেয়েছে, সেটা বুঝতে হবে। সেটা বাইরে থেকে কথা বলেই বুঝতে হবে। কীভাবে নেটে ব্যাট করছে, সেটাও দেখতে হবে। যদি সেই ক্ষেত্রে কোনও সমস্যা হয়, তাহলে আমার মতে ঈশানকে ওপেনে পাঠানো উচিত। আর নিচের দিকে রিঙ্কু সিংকে খেলানো উচিত।’
অন্যদিকে দারুণ ফর্মে আছেন ঈশান কিষাণ। সাত ম্যাচে ১৮৫.১২ স্ট্রাইক রেটে বাঁহাতি এই ব্যাটারের রান ২২৪। তার সঙ্গে সাঞ্জু স্যামসনও আছেন দারুণ ছন্দে। মাত্র ৩ ম্যাচ খেলেই করেছেন ১৪৩ রান, স্ট্রাইক রেট ১৯৫.৮৯। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলেছেন স্যামসন।
শাস্ত্রী এ-ও মনে করিয়ে দিলেন যে, সুযোগ থাকলে অবশ্যই অভিষেক শর্মাকেই খেলানো উচিত। ‘একটা পরিবর্তনের জায়গা থাকলেও আমি অভিষেককেই খেলাতাম। কারণ শেষ যখন ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল, তখন অভিষেক দারুণ খেলেছিল। ও আগে ভালো খেলেছে। দ্রুত সেঞ্চুরি করতে পারে। ওর ব্যাটে যথেষ্ট গোলাবারুদ আছে। আমি ওয়াংখেড়েতেও সেটা দেখতে চাই।’
