জাতীয় দলে আবারও ফিরছেন আফিফ!

 

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন আফিফ হোসেন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত হতে যাওয়া স্কোয়াডে তাকে রাখা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বুধবার (৪ মার্চ) ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১১ মার্চ থেকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ মাঠে গড়াবে। একই ভেন্যুতে ১৩ ও ১৫ মার্চ সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ৯ মার্চ পাকিস্তান দল বাংলাদেশে এসে পৌঁছাবে।

আফিফ শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন ২০২৪ এর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাজে পারফরম্যান্সের জন্য এরপর তিনি দল থেকে বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো করার পুরস্কার হিসেবে আবারও তাকে সুযোগ দিতে চান নির্বাচকরা।

সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে এবং অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে দারুণ পারফরম্যান্স করেন আফিফ। অদম্য টি–টোয়েন্টি কাপে তিনি দুর্বার একাদশের হয়ে ধূমকেতু একাদশের বিপক্ষে ৩৬ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। এরপর বিসিএলে সাউথ জোনের হয়ে একটি সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের নজর কাড়েন।

এছাড়া সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১২ ইনিংসে ২০৫ রান করেন আফিফ, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১২১।

বাংলাদেশ দল বর্তমানে মিডল অর্ডারে ধারাবাহিকতা খুঁজছে। আফিফের বাঁহাতি ব্যাটিং এবং প্রয়োজনে কয়েক ওভার বল করার সক্ষমতাও তাকে দলে ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। নির্বাচক প্যানেলের সূত্র জানিয়েছে, ‘মিডল ও লেট অর্ডারে একজন বাঁহাতি ব্যাটার দরকার ছিল। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আফিফ সেই জায়গায় ভালো বিকল্প।’

এদিকে এই সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক। তার বদলে আবার ওয়ানডে দলে ফেরানো হতে পারে লিটন কুমার দাসকে। লিটনের ব্যাটিং পজিশন নিয়েও টিম ম্যানেজমেন্টে আলোচনা চলছে। অনেকের মতে তাকে ওপেনিং বা টপ-অর্ডারের বদলে ৫ নম্বরে খেলানো হলে দল বেশি উপকৃত হতে পারে।

সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল ৬ মার্চ থেকে ক্যাম্প শুরু করবে এবং ৭ মার্চ বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Read Previous

সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

Read Next

ঈদের ছুটি বাড়ল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular