ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার দুনিয়ায় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন পরীমণি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ, সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে এবার আলোচনার কেন্দ্র তার অভিনয় নয়, বরং তার বদলে যাওয়া লুক! সাম্প্রতিক ছবিতে আগের তুলনায় অনেকটাই স্লিম ও ফিট দেখা যাচ্ছে এই চিত্রনায়িকাকে। আর সেই পরিবর্তনই নেটিজেনদের মনে তুলেছে নতুন প্রশ্ন— কীভাবে এত দ্রুত নিজের গড়নে এমন চমকপ্রদ পরিবর্তন আনলেন পরী মণি? আর এমন প্রশ্ন শুনে রেগে গেলেন অভিনেত্রী।
সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীমণিকে লাগে নজরকাড়া।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন— পরীমণি স্লিম হয়েছেন, এর রহস্য কী? প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এ সময় তার কথায় চড়া মেজাজও ছিল স্পষ্ট। বললেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’ অর্থাৎ বোকার মতো প্রশ্ন! এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা।
অনুষ্ঠানে পরীমণি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি— আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। মানুষ সবভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক— যে কোনো গায়ের রঙ, যে কোনো শারীরিক গঠন— আমরা আর এই বিষয়গুলো না তুলি।
এদিকে আসন্ন ঈদের সিনেমার তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা যাবে এই সুন্দরীকে।
