নারায়ণগঞ্জ শহরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ) ভোর ছয়টায় শহরের নিতাইগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ভোর ৬টার দিকে ইউনিফর্ম পড়া অবস্থায় মোটরসাইকেলে চড়ে দায়িত্ব পালনরত অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় কুপিয়ে আঘাতের চেষ্টা করে।
তবে এসআই লুৎফর রহমান আত্মরক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাত তার শরীরে না লেগে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় কৌশলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাত থেকে প্রাণে রক্ষা পান পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা সরকারি আগ্নেয়াস্ত্রটি (পিস্তল) ছিনতাই করে নিয়ে যায়।
