রুপালি পর্দার ঝলমলে আলো থেকে রাজনীতির কড়া বাস্তবতা-এই পথচলায় নতুন চমক এনে দিয়েছেন কোয়েল মল্লিক। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার টিকিট পাওয়ার পর টালিউডে শুরু হয়েছে নতুন আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আরেক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম।
কোয়েলের এই রাজনৈতিক যাত্রার পর থেকেই প্রশ্ন উঠছে-তবে কি এবার রুপালি জগত ছেড়ে রাজনীতির মঞ্চে নাম লেখাবেন ঋতুপর্ণাও? ভক্তদের কৌতূহল আর জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই এ বিষয়ে মুখ খুললেন ‘প্রাক্তন’ খ্যাত এই অভিনেত্রী। একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের অবস্থান, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রাজনীতিতে আসার প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আমি ঠিক রাজনীতির ময়দানের জন্য নই। আমাকে সকলে খুব ভালোবাসেন, সকলে চেনেন। আমি যে রাজনীতির ময়দানে থাকতে চাই না, তা সকলেই জানেন।’
খানিকটা ব্যাখ্যা করে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আমার একধরনের কাজ রয়েছে, অভিনয়, সংসার, নাচের স্কুল, নানা ধরনের শো, প্রযোজনা। এছাড়াও নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। তাই রাজনীতির জন্য আবার সময় বের করা সমস্যা।’
কাজের মাধ্যমেই সমাজের জন্য কিছু করতে চান ঋতুপর্ণা। চরিত্র নির্বাচনের মাধ্যমে নিজের মতামত রাখতে চান বলেও জানান এই অভিনেত্রী।
কোয়েল মল্লিকের জন্য শুভেচ্ছা রেখে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘কোয়েল খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে বহু বছরের সম্পর্ক, খুব ভালো অভিনেত্রী, রঞ্জিতদার মেয়ে, নিসপাল সিং রানের স্ত্রী। ওদের প্রযোজনায় অনেক সিনেমা করেছি। ওকে অনেক শুভেচ্ছা। ওর মধ্যে নিশ্চয়ই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল। আশা করি, অভিনয়ের মতো নতুন দায়িত্ব নিয়েও খুব ভালো কাজ করবে।’
