ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

 

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির প্রথম ধাপ পূরণ হলো বলে জানান তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৪টি উপজেলায় একযোগে পাইলট প্রজেক্ট হিসেবে ৩৭ হাজার ৫৬৭ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের ১০১০টি দরিদ্র পরিবারকে নির্বাচিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রতীকী হিসেবে ৫ জন সুবিধাভোগীর হাতে কার্ড তুলে দিয়ে স্থানীয় পর্যায়ে এই কার্যক্রমের শুভ সূচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ভৈরবের এই পাইলট প্রজেক্ট ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। পর্যায়ক্রমে কৃষি কার্ডসহ অন্যান্য সকল প্রতিশ্রুতি পূরণ করে দেশের মানুষের সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সরকার ইতিপূর্বেই কৃষি ঋণের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আগামী মাস থেকে দেশব্যাপী ‘কৃষি কার্ড’ বিতরণ ও ‘খালকাটা কর্মসূচি’ শুরু হবে বলেও তিনি ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। শিমুলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আল-আমিন।

Read Previous

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য

Read Next

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular