ফিনালিসিমা নিয়ে নতুন সংবাদ। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কাতার থেকে সরিয়ে নেয়ায়, অনিশ্চয়তার মুখে পড়েছিলো আর্জেন্টিনা-স্পেন বিগ ম্যাচ। তবে ইউরোপীয় গণমাধ্যমের দাবি, ২৭ মার্চ রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবেন লিওনেল মেসি ও লামিন ইয়ামাল।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার প্রভাব পড়েছে বৈশ্বিক ক্রীড়ায়। অনিশ্চয়তা তৈরি হয় বহুল আকাঙ্ক্ষিত ফিনালিসিমা ঘিরে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ব্লকবাস্টার ম্যাচটা হওয়ার কথা ছিল কাতারের লুসাইল স্টেডিয়ামে। কিন্তু, যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে সেখানে আয়োজন ঝুঁকিপূর্ণ। তাই ধরেই নেয়া হচ্ছিল, এ বছর মার্চের শেষভাগেও হচ্ছে না ফিনালিসিমা।
ইউরোপ নাকি লাতিন ফুটবল, কোনটা সেরা? যুগ যুগ ধরে এ নিয়ে তর্ক ফুটবল বিশ্বে। অনেকেই মনে করেন, ফিনালিসিমার মধ্য দিয়ে শ্রেষ্ঠত্বের বিচার করা যায়। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ আর লাতিন ফুটবলের কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচটার নামই ফিনালিসিমা। একটা মাত্র ম্যাচ হলেও ক্রীড়াবিশ্বে আবেদন কম নয়।
২০২৪ সালের জুলাইয়ে কোপা আমেরিকা ট্রফি উঁচিয়ে ধরেছিল আর্জেন্টিনা। আর ইউরোর শিরোপা ঘরে তুলেছিল স্পেন। নানা কারণে এরপর দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াই মাঠে গড়ায়নি। বিভিন্ন সময় সম্ভাব্য তারিখ শোনা গেলেও, বারবার পিছিয়েছে তা। অবশেষে আসে ঘোষণা- মার্চের শেষভাগে কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে বিগ ম্যাচ।
যে লুসাইলেই পরম আরাধ্যের বিশ্বকাপ ট্রফি জয় করেছিলেন লিওনেল মেসি। লাকি ভেন্যুতে আরও একটা শিরোপা জিতবেন, এলএমটেন ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু, যুদ্ধ পরিস্থিতিতে পরিবর্তন হলো ভেন্যু। নতুন ভেন্যু- সান্তিয়াগো বার্নাব্যু।
স্পেনের এই আইকনিক স্টেডিয়ামেও অনেক সুখস্মৃতি আছে মেসির। ক্লাব বার্সেলোনায় খেলার সময় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐ মাঠে জাদুকরী সব পারফরম্যান্স উপহার দিয়েছেন। আরও একবার সেখানে ফেরাটা স্মরণীয় করে রাখতে চাইবেন আর্জেন্টিনিয়ান সুপারস্টার।
৮০ হাজারের বেশি দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই থাকবে না, সেটা অনুমান করা যায়। প্রথমবারের মতো মুখোমুখি হবেন দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। এটা সাবেক ও বর্তমান দুই বার্সা স্টারের ফাইট হওয়ায় কাতালান সমর্থকদেরও চোখ থাকবে এবারের ফিনালিসিমায়।
এর আগে ২০২২ সালে প্রথম ফিনালিসিমা জিতেছিল মেসির আর্জেন্টিনা। এবার অভিষেকেই বাজিমাত করতে চাইবে ইয়ামালের স্পেন। ২৭ মার্চ তারিখটা ঠিক থাকলে ফিফা বিশ্বকাপের আগে দারুণ এক ম্যাচ উপহার দিতে যাচ্ছে মাদ্রিদ।
