দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ তাৎক্ষণিকভাবে জানায়নি যে, ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক ছিল কি না বা এটি কতদূর উড়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া চলার সময় উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র ছুড়ল।
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই মহড়াগুলোকে হামলার মহড়া হিসেবে উল্লেখ করে এবং প্রায়ই নিজেদের সামরিক প্রদর্শনী বা অস্ত্র পরীক্ষা বাড়ানোর অজুহাত হিসেবে ব্যবহার করে থাকে।
এর আগে ১০ মার্চ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলে নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শিগগিরই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। পিয়ংইয়ংয়ের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনও এই পরীক্ষার উদ্দেশ্য।
