সাভারে দোকানিকে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

 

সাভারে কালাম মিয়া (৩৮) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর নিহতের পরিচয় আড়াল করতে তার মুখমণ্ডল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌরসভার মজিদপুর এলাকার একটি মাঠ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত কালাম মিয়া ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডহরনগর গ্রামের সাইদ মিয়ার ছেলে। তিনি সাভারের মজিদপুর এলাকায় সপরিবারে বসবাস করতেন এবং স্থানীয় ল্যাবজোন হাসপাতালের গলিতে একটি মুদি দোকান চালাতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা হন কালাম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি আর বাসায় ফেরেননি। স্বজনরা রাতে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও সন্ধান পাননি। রোববার ভোরে মজিদপুর এলাকার একটি নির্জন মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। রাতে কোনো এক সময় ওই দোকানিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read Previous

গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার

Read Next

লাইলাতুল কদর নিয়ে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন প্রধানমন্ত্রী

Most Popular