বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রীর

বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

বুধবার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজ দপ্তরে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও এবং হরি ইউকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের স্থায়ী অফিস স্থাপনের সম্ভাবনা ও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক।

জাইকা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। জাপানে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে, তা সফল করতে আমরা অঙ্গীকারবদ্ধ। জাপান ফাউন্ডেশন বাংলাদেশে অফিস স্থাপন করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ কর্মীদের দক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভাষাই প্রধান অন্তরায় নয়; জাপানি সংস্কৃতি ও আচার-আচরণ সম্পর্কে সম্যক জ্ঞান থাকাও জরুরি।
জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে কর্মীরা সহজেই সে দেশের কর্মপদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন পরামর্শ দিয়ে বলেন, জাপানিদের সহায়তার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপান দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন। এর আগেই সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি রাখার ওপর তিনি জোর দেন।
জাপান ফাউন্ডেশনের প্রতিনিধি কোইকে ওয়াকাও বাংলাদেশের আন্তরিকতাকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে অফিস খোলার বিষয়ে সরকারের এই আগ্রহের বার্তা তিনি অবশ্যই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী, উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read Previous

অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার হচ্ছেন আজহারী!

Read Next

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করার দাবি পবার

Most Popular