২০২৬ সালে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্যমতে, আগামী বছর ২৭ মে (বুধবার) মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১৭ মে (রবিবার) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে ১৮ মে (সোমবার) জিলহজ মাস শুরু হবে। ইসলামের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, যা ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে পড়ছে। এছাড়া ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বরাবরের মতোই আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, এই তারিখটি সম্পূর্ণ জ্যতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা করবে।
উল্লেখ্য, সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ২০২৬ সালের ঈদুল আজহা ২৮ মে (বৃহস্পতিবার) হওয়ার সম্ভাবনা বেশি।
