ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় মালুকু সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে অন্তত একজন নিহত, বহু ভবন ক্ষতিগ্রস্ত ও সুনামির ঢেউ সৃষ্টি হয়েছে বলে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে মালুকু সাগরের তলদেশের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এই স্থানটি দেশটির টারনেট দ্বীপের অদূরে।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা অন্তরার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উত্তর সুলাওয়েসিতে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন, আরেকজন ভবন থেকে লাফিয়ে পড়ে পা ভেঙে আহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হলেও কিছু বাসিন্দা বিবিসিকে বলেছেন, এটি গত অন্তত ছয় বছরের মধ্যে তাদের অনুভব করা অন্যতম প্রবল ভূমিকম্প।
রয়টার্স ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা বিএমকেজি-র বরাত দিয়ে জানিয়েছে, পাঁচটি এলাকা থেকে সুনামির ঢেউয়ের খবর পাওয়া গেছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড়টি শূন্য দশমিক ৭৫ মিটার উচ্চতার ছিল আর এটি উত্তর সুলাওয়েসির উত্তর মিনাহাসা এলাকায় হয়েছে।
বিএমকেজি জানিয়েছে, মূল ভূমিকম্পের পর থেকে অন্তত ৫০টি পরাঘাত পর্যবেক্ষণ করা হয়েছে, এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ৫ দশমিক ৮ মাত্রার ছিল।
