হাজার গোলের ঠিকানায় মেসিকে দেখছেন স্কালোনি

 

হাজার গোলের পথে ক্রিস্তিয়ানো রোনালদোর অভিযানে চোখ রাখছে গোটা ফুটবল বিশ্ব। তার প্রতিটি গোলের ‘কাউন্ট ডাউন’ চলছে নানা জায়গায়। সেই আলোচনার জোয়ারে এবার ভিন্ন স্রোতের দোলা দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ বলছেন, লিওনেল মেসির পক্ষেও সম্ভব ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।

গত মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়ে একটি গোল করেছেন মেসি। দেশের জার্সিতে এটি তার ১১৬তম গোল। সব মিলিয়ে তার ক্যারিয়ার গোল এখন ৯০২টি।

ম্যাচের পর স্কালোনি বললেন, “সে (মেসি) ১ হাজার গোলে পৌঁছতে পারে। আমাদেরকে দেখতে হবে, সে কতদিন খেলা চালিয়ে যায়।”

হাজার গোল পর্যন্ত যেতে আরও বেশ অনেকটা পত পাড়ি দিতে হবে এই কিংবদন্তিকে। আপাতত কৌতূহল তার বিশ্বকাপে খেলা নিয়ে। এমনিতে সংশয় খুব একটা নেই। তবে তিনি নিজে বা দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি। বরং বারবারই বলা হয়েছে, সময়ের সঙ্গে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাসের একটু বেশি। স্কালোনি এখনও নিশ্চিত করছেন না মেসির অংশগ্রহণ। তবে বিশ্বকাপ খেলার তাড়না যে আছে এই জাদুকরের, তা জানালেন কোচ।

“লিও যদি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়, আমাদের জন্য তা হবে সম্মানের…।”

“আমরা সবাই চাই, সে যেন বিশ্বকাপটা উপভোগ করে এবং তাকে স্বাচ্ছন্দ্য এনে দিতে আমরা সম্ভাব্য সবকিছুই করব। তার চাওয়াও আমাদের মতোই। সে এখন আরও বেশি নির্ভার, কারণ একটি বিশ্বকাপ জিতে নিয়েছে এর মধ্যেই। সেখানে (বিশ্বকাপে) যাওয়ার এবং অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার ইচ্ছা তার রয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা দেখব সে কোন সিদ্ধান্ত নেয় এবং তার পাশেই থাকব আমরা।”

শিরোপা ধরে রাখা লড়াইয়ে ফেভারিটের কাতারেই রাখা হচ্ছে আর্জেন্টিনাকে। তবে কাজটা সহজ হবে না বলেই মনে করেন স্কালোনি।

“কঠিন একটি বিশ্বকাপ হবে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই কারণেই প্রত্যেকের শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

“বিশ্বকাপে যা অপেক্ষা করছে, তা অবিশ্বাস্যরকম কঠিন হবে। আমাদের ফুটবলারদের প্রস্তুত থাকবে হবে। কিংবদন্তি কিছু ফুটবলারের শূন্যস্থান পূরণ করা খুব কঠিন, যারা বিশ্বকাপ এবং কোপা আমেরিকায় আমাদের জন্য অনেক কিছু দিয়েছেন।”

Read Previous

করপোরেট ঋণ অনুমোদনের আগে যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক

Read Next

ঘরের কাজ নিয়ে সঙ্গীর সঙ্গে রাগ নয়

Most Popular