চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দাপুটে এক জয়ের পর দুঃসংবাদও পেলো পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারসহ শাস্তি মুখে পড়েছেন পাঞ্জাবের ১২ ক্রিকেটার।
মূলত মন্থর বোলিংয়ের জন্য শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। চলতি আসরের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মন্থর বোলিং করার কারণে ১২ লাখ রুপি জরিমানা হওয়া অধিনায়ক শ্রেয়াসকে দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে একই কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া একাদশের বাকি ১০ ক্রিকেটার এবং ইমপ্যাক্ট প্রিয়াংশ আর্যের প্রত্যেককে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
তবে ২০২৫ সাল থেকে চালু হওয়া নিয়মে নির্বাসনে যেতে হচ্ছে না পাঞ্জাবের অধিনায়ককে। অবশ্য মাঠে কিছু বিধিনিষেধ প্রযোজ্য। আইপিএলের গভর্নিং কাউন্সিল আইসিসির কোড অব কনডাক্টের সঙ্গে নিয়ম মিলিয়েছে, ফলে ধারাবাহিক ভুলের ক্ষেত্রে ডি-মেরিট পয়েন্ট কার্যকর হতে পারে। এই পয়েন্ট ৩ বছরের জন্য প্রযোজ্য থাকে এবং আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসনের কারণও হতে পারে। অর্থাৎ আইপিএলে হয়তো নির্বাসিত হবেন না, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সতর্কতার প্রয়োজন আছে।
এদিকে শাস্তি পেলেও মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল পাঞ্জাব। শুক্রবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২০৯ রান করে। জবাবে ৮ বল বাকি থাকতে পাঞ্জাব ৫ উইকেটের জয় নিশ্চিত করে। শ্রেয়াস আইয়ার ২৯ বলে ৫০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
