ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল

দীর্ঘ ইনজুরির পর মাঠে ফিরেই জোড়া গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার প্রত্যাবর্তনের দিনে সৌদি প্রো লিগে শুক্রবার (৩ এপ্রিল) আল নাজমাকে ৫-২ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন রোনালদো। গত ফেব্রুয়ারি ২৮-এ আল ফাইহার বিপক্ষে ৩-১ জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। সে সময় কোচ জর্জে জেসুস তখন বলেছিলেন, ‘ইনজুরি ধারণার চেয়েও গুরুতর।’ তাতে শঙ্কা তৈরি হয়েছিল জুন-জুলাইয়ের বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে।

তবে মাদ্রিদে গিয়ে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে তুলেছেন পর্তুগিজ তারকা। তিন লিগ ম্যাচ আর মার্চ উইন্ডোতে পর্তুগালের হয়ে খেলার সুযোগ মিস করলেও, ফিরেছেন আত্মবিশ্বাস নিয়েই।

৪১ বছর বয়সে নিজের প্রত্যাবর্তনের ম্যাচে এ ফরোয়ার্ড প্রমাণ করলেন, এখনো ছন্দ হারাননি তিনি। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে দেওয়ার পর ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে বড় জয় এনে দিতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

এই জয়ের সঙ্গে রোনালদোর ক্যারিয়ারের গোল সংখ্যা এখন দাঁড়াল ৯৬৭-এ। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি পেশাদার ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শ করার পথে রয়েছেন।

রোনালদো ম্যাচের পর ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ফিরে এসে ভালো লাগছে। আমরা একসাথে এগিয়ে যাব!’

এই জয়ের ফলে আল হিলালের তুলনায় ৬ পয়েন্ট বেশি নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে অবস্থান করছে আল নাসর। যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে। শনিবার আল তাওনের বিপক্ষে জিতলে ব্যবধান তিনে নিয়ে আসবে তারা।

Read Previous

আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই মাহফিল

Read Next

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু

Most Popular