ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দেশটির সঙ্গে চলমান শান্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে চলমান অনুসন্ধান ও উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। একইসঙ্গে এ ঘটনাকে সংবেদনশীল সামরিক বিষয় হিসেবে উল্লেখ করেন।
এনবিসি নিউজ জানায়, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর ক্রু সদস্যদের খুঁজে বের করার প্রচেষ্টাসহ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।
তবে এই ঘটনা ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানান ট্রাম্প। তিনি বলেন, ‘না, মোটেও না। না, এটা তো যুদ্ধ।’
ইরানে নিখোঁজ পাইলটের কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া জানাবে তা জানাতেও অস্বীকৃতি জানান ট্রাম্প।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সিএনএন-কে বলেন, ইরানের আকাশে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন যুদ্ধবিমান সম্পর্কে ট্রাম্পকে অবহিত করা হয়েছে। পরে বিধ্বস্ত ওই বিমানটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল হিসেবে শনাক্ত করা হয়।
আরও পড়ুন: ইরান যুদ্ধে ট্রাম্পের বিশাল বাজেট প্রস্তাব, মার্কিন রাজনীতিতে উত্তাপ
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের আকাশে বিমানবাহিনীর একটি এফ-১৫ ই বিমান ভূপাতিত হওয়ার প্রায় একই সময়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমানবাহিনীর আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
দ্য ইন্ডিপেন্ডেন্ট-কে দেয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নিখোঁজ পাইলটের কোনো ক্ষতি হলে তিনি কী পদক্ষেপ নিতে পারেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।
