পাথারঘাটায় জব্দ ৩৮ হাজার লিটার ডিজেল, জেলেদের কাছে বিক্রি

সময় টেলিভিশনে ডিজেলের অতিরিক্ত দাম ও ভোগান্তি সংবাদ প্রচারের পর বরগুনার পাথরঘাটার একটি গোডাউন থেকে মজুত করা ৩৮ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে পাথরঘাটা উপজেলার বিএফডিসি সংলগ্ন স্লুইস গেট এলাকায় পদ্ম অয়েল কোম্পানির এজেন্ট মো. আব্দুল্লাহ এর মালিকানাধীন মেসার্স গাজী স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১৯৩ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।

পরে গোডাউনের মালিক ও জ্বালানি তেল বিক্রেতা মো. আব্দুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর জব্দ করা ডিজেল জেলেদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের সংকট শুরুর সঙ্গে সঙ্গে পাথরঘাটায় মজুতদার এবং মজুতের পরিমাণ বাড়তে থাকে। পাথরঘাটা একটি মৎস অধ্যুষিত এলাকা। এখানে হাজার হাজার জেলে ও শত শত মাছ ধরার ট্রলার রয়েছে। আকৃতি ভেদে এক একটি ট্রলারে ২ থেকে ২০ ব্যারেল পর্যন্ত ডিজেল দরকার। কিন্তু পর্যাপ্ত মজুত থাকার পরও ব্যারেল প্রতি ২ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেশি দামে ডিজেল বিক্রি করা হতো। এতে জেলেরা বিপাকে ছিল।

তিনি বলেন, আজকের এই অভিযানের কারণে জেলেরা উপকৃত হয়েছে। পাথরঘাটায় এমন অভিযান ও তদারকি নিয়মিত দরকার বলেও জানান তিনি।

এর আগে গত ৩১ মার্চ ‘ডিজেলের অতিরিক্ত দামে বিপাকে মাছ ধরার ট্রলার মালিকরা’ এই শিরোনামে একটি সংবাদ প্রচার হয় সময় টেলিভিশনে। এতে ওঠে আসে জেলেদের বিরম্বনার চিত্র। এর প্রেক্ষিতে চালানো হয় অভিযান।

Read Previous

ইরানে যুদ্ধবিমান হারিয়ে কী বললেন ট্রাম্প?

Read Next

গ্যাসের খরচ কমাতে একই সিলিন্ডারে বেশিদিন রান্নার ৭ উপায়

Most Popular