ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান ‘চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস’-এ ১৪টি পুরস্কার জিতে আলোচনায় ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’। তবে এ সাফল্য অনেকেরই ঈর্ষার কারণ বলে মনে করছেন কৌতুক অভিনেতা জাকির খান।
‘চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস’ মঞ্চে সিনেমাটির সাফল্য নিয়ে রসিকতার ছলে ‘অনেকেরই গা জ্বলছে’ বলে মন্তব্য করেন জাকির খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানের এ মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। ভাইরাল ভিডিওতে জাকিরকে বলতে শোনা যায়,
আপনারা যত খুশি অভিনন্দন জানান, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন বা ইন্টারভিউতে প্রিয় সিনেমা বলুন, আসল সত্যি হলো ‘ধুরন্ধর’র সাফল্যে অনেকেরই গা জ্বলছে।
তিনি আরও বলেন,
সিনেমায় বোমা ফেটেছে করাচির লিয়ারিতে কিন্তু সেই আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে বান্দ্রা আর জুহুর আকাশে!
জাকিরের এ মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মন্তব্যের ঘরে অনেকেই জাকির খানের সাহসের প্রশংসা করে লেখেন, বলিউডের ‘ওপেন সিক্রেট’ প্রকাশ করেছেন তিনি।
অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত দর্শকের স্তব্ধ প্রতিক্রিয়া দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন এ রসিকতা বলিউডের অনেককেই অস্বস্তিতে ফেলেছে।
আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’ দর্শকপ্রিয়তায় অসাধারণ সাফল্য পায়। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি বিশ্বজুড়ে আয় করে ১৩০০ কোটির বেশি। ১৯ মার্চ সিনেমাটির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর এখন পর্যন্ত আয় করেছে ১৫০০ কোটির বেশি। ভারতে এ সিনেমার আয় ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে নতুন রেকর্ড গড়েছে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল, আর. মাধবন, সঞ্জয় দত্তসহ অনেকেই। করাচির লিয়ারির অপরাধ জগতকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমা এখন শুধু বক্স অফিসেই নয়, বলিউডের ভেতরের সম্পর্ক ও প্রতিযোগিতার আলোচনাতেও শীর্ষে উঠে এসেছে।
