সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া এলাকার মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) কাঁকড়া ধরার সময় দস্যুরা তাঁর ওপর গুলি চালায়।
আহত আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।
জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০টার দিকে আতিয়ার রহমানসহ কয়েকজন জেলে সুন্দরবনের মুল্লি খাল এলাকায় কাঁকড়া আহরণ করতে যান। পথে বনদস্যুরা তাদের নৌকা থামানোর নির্দেশ দেয়। জেলেরা নৌকা না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দস্যুরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমানের কোমরে গুলি লাগে। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা আতিয়ার রহমানকে বন বিভাগের অফিসে নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. সাকির হোসেন জানান, আতিয়ার রহমানের কোমরে গুলি লেগেছে। তার শরীর থেকে গুলি বের করা জরুরি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আহত জেলের খোঁজখবর নেওয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
