সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হচ্ছে বলে তথ্য ছড়িয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এসব তথ্যকে বিভ্রান্তিকর বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ফেসবুকে পরীক্ষা পেছানোর বিষয়ে অনেক খবর ছড়াচ্ছে, যা ভিত্তিহীন।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কেউ কেউ ভয়ে এমন গুজব ছড়াচ্ছে। তবে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই রুটিন আগের সরকার নির্ধারণ করেছে এবং প্রশ্নপত্রও ইতোমধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে।
এদিকে সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে অপর এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ এবং সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না।
