২০৩০ বিশ্বকাপেও আনচেলত্তির অধীনেই খেলবে ব্রাজিল!

২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কার্লো আনচেলত্তির চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।

গত মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে একটিতে হার ও অপরটিতে জয়ের পরও বোর্ড কোচের ওপর আস্থা রেখেছে। কর্মকর্তারা তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অতীতে এসি মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ব্যাপক সাফল্য পাওয়া এই ইতালিয়ান কোচ এখন পর্যন্ত ব্রাজিল দলের হয়ে ১০টি ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে ৪টি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ এবং বাকি ৬টি ছিল প্রীতি ম্যাচ।

এই পারফরম্যান্সের মাধ্যমে আনচেলত্তি বোর্ডের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছেন এবং তাই তিনি জাতীয় দলের দায়িত্বে বহাল থাকছেন।

জর্জে ভালদানোর অনুষ্ঠান ‘উনিভার্সো ভালদানো’তে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সঙ্গে আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছি, কারণ এটি একটি নতুন কাজ যা আমি সত্যিই উপভোগ করছি।’

এই চুক্তি স্বাক্ষর হলে ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের ভার এই ইতালিয়ান কোচের কাঁধেই থাকবে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হিসেবে ১০ ম্যাচে আনচেলত্তি ৫টি জয় এনে দিয়েছে। তার দল হেরেছে ২টি ম্যাচে। বাকি ৩ ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে এই ইতালিয়ানের পরিচালনায় ৪ ম্যাচের দুটিতে (প্যারাগুয়ে, চিলি) জিতেছে ব্রাজিল, বাকি ২ ম্যাচের মধ্যে ইকুয়েডরের বিপক্ষে ড্র করলেও হেরে গেছে প্যারাগুয়ের বিপক্ষে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়া, সেনেগাল ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আনচেলত্তির দল জিতলেও হেরেছে জাপান ও ফ্রান্সের বিপক্ষে। তিউনিসিয়ার বিপক্ষে বাকি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

Read Previous

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া

Read Next

বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালালেন স্বামী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular