জামায়াতের এমপি আমির হামজাকে গ্রেফতার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফের নাম জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানববন্ধন করেছে জেলা ও মহানগর মহিলাদল।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানায়।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজনের করা হয়।

জেলা মহিলাদলের সভাপতি নাজনীন রহমানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর মহিলাদলের সভাপতি রুকসানা পারভীন পাপিয়া, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাসরিন আলম, সাংগঠনিক সম্পাদক লুবণা জাহান, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সেলিনা আজিজসহ জেলা ও মহানগর মহিলাদলের নেত্রীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সংসদ সদস্য মুফতি আমির হামজা ফরিদপুরের কৃতি সন্তান গণমানুষের নেত্রী সংসদ সদস্য নায়াব ইউসুফের নাম জড়িয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন ক্রোধ এবং ক্ষোভের কারণে তার প্রতিবাদের কোনো ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। সংসদ সদস্যের মতো একটা দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি কীভাবে এমন মন্তব্য করতে পারেন তা ভেবে আমরা অবাক হই।’

বক্তারা আমির হামজার কাছে দ্রুত তার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সম্প্রতি একটি ওয়াজ মাহফিলে খোদ জাতীয় সংসদের নারী সংসদ সদস্য রুমিন ফারহানা, ফারজানা শারমিন ও নায়াব ইউসুফকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন আমির হামজা। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আমির হামজার এমন আপত্তিকর মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে।

Read Previous

হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বের হওয়ার চেষ্টায় ‘বাংলার জয়যাত্রা’

Read Next

গত চব্বিশ ঘণ্টায় ঢাকা শিশু হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular